জালে আটকে থাকা জাহাজ শ্রমিকের লাশ উদ্ধার 

চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে জাহাজের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। কর্ণফুলী উপজেলার ডাঙারচর ৯ নম্বর ঘাট এলাকা থেকে গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি ওই এলাকায় জেলেদের জালে আটকে ছিল।

নিহত জাহাজ শ্রমিকের নাম রিয়াদুল হক (২২)। তিনি উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের মো. হেলালের ছেলে। গত রবিবার বিকেল ৪টার দিকে কর্ণফুলীর ইছানগর সংলগ্ন রি-রিসোর্স ঘাটে একটি জাহাজ থেকে মাছ নামাতে গিয়ে নদীতে পড়ে তিনি নিখোঁজ হয়েছিলেন। ধরণা করা হচ্ছে, তিন দিন ধরে লাশটি জেলেদের জালে আটকে ছিল। 

চট্টগ্রামের সদরঘাট নৌ-থানার ওসি মিজানুর রহমান বলেন, জেলেদের জালে লাশ আটকে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় নৌপুলিশ। পরে পরিচয় শনাক্ত করে রিয়াদুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, গত  শনিবার চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকার একটি বাসা থেকে ১০ বছরের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল সকালে র‌্যাব বলেছে, শিশুটিকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নামন্ডপরিচয় র‌্যাবের খুদে বার্তায় জানানো হয়নি।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে নগরের খুলশী থানায় অপমৃত্যুর মামলা করা হয়। শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত।

খুলশী থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, ভাড়া বাসার একটি কক্ষ থেকে শিশুটির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। শিশুটিকে ধর্ষণের কোনো আলামত প্রাথমিকভাবে পাওয়া যায়নি। ময়নাতদন্তসহ অন্যান্য পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।