কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ৪

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত এবং ২৫ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। শুক্রবার (৯ জানুয়ারি) রাশিয়ান কর্তৃপক্ষ জানায় তারা ইউক্রেনের বিরুদ্ধে চালানো এক ব্যাপক হামলায় নতুন ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করেছে। আহতদের মধ্যে চিকিৎসাকর্মী, উদ্ধারকর্মী ও এক পুলিশ সদস্যও রয়েছেন।

হামলায় কিয়েভের একাধিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে রয়েছে দারনিতসিয়া, দিনিপ্রো, দেশনিয়ানস্কি, পেচেরস্কি, শেভচেনকিভস্কি, হলোসিভস্কি ও স্বিয়াতোশিনস্কি জেলা। কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ১৯টি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া একটি দূতাবাস ভবন, একটি কিন্ডারগার্টেন, একটি ট্রাম ডিপো, একটি অসম্পূর্ণ আবাসিক ভবন, বেশ কয়েকটি যানবাহন, একটি সুপারমার্কেট ও একটি গ্যাস স্টেশনেও ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সেবা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনও কাজ করছেন এবং হতাহতের চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করা হচ্ছে।

বেসামরিক নাগরিকের মৃত্যু ও অবকাঠামো ধ্বংসের ঘটনায় ইউক্রেনের দণ্ডবিধির ৪৩৮ ধারায় যুদ্ধাপরাধের অভিযোগে কিয়েভ সিটি প্রসিকিউটর কার্যালয়ের তত্ত্বাবধানে একটি প্রাক-বিচার তদন্ত শুরু হয়েছে। রুশ কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, হামলার লক্ষ্য ছিল ইউক্রেনের সামরিক-শিল্প খাতের সঙ্গে যুক্ত ড্রোন উৎপাদন কেন্দ্র ও জ্বালানি অবকাঠামো। মন্ত্রণালয় আরও দাবি করে, রাশিয়ার নোভগোরোদ অঞ্চলে প্রেসিডেন্টের বাসভবনে আগের এক হামলার প্রতিক্রিয়াতেই এই অভিযান চালানো হয়েছে।