ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে রাশিয়ার ভয়াবহ হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। হামলায় আংশিক ধসে পড়া একটি বহুতল ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে সোমবারও অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। খবর এএফপি।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে শীত মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাতভর বিমান হামলা জোরদার করেছে রাশিয়া। এদিকে পঞ্চম বছরে গড়ানো রুশ আগ্রাসনের মধ্যেই নতুন করে শীতকালীন হামলার আশঙ্কায় উদ্বিগ্ন ইউক্রেন।
সোমবার (২৩ নভেম্বর) রাতের হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তরে ডাইমার শহরের একটি পাঁচতলা আবাসিক ভবনে আঘাত হানে রুশ ক্ষেপণাস্ত্র। এতে ভবনটির একটি অংশ ধসে পড়ে। কিয়েভ অঞ্চলের কর্মকর্তা তিমুর তাকাচেঙ্কো জানিয়েছেন, এ ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রকাশিত ছবিতে দেখা গেছে, ধসে পড়া ভবনের ধোঁয়ায় আচ্ছন্ন ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার অভিযান চালাচ্ছেন কর্মীরা।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তাকাচেঙ্কো বলেন, ‘ধ্বংসস্তূপের নিচ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’ এর মধ্য দিয়ে ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়ায়।
এর আগে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছিল, নিহতদের মধ্যে একজন কিশোর এবং চল্লিশোর্ধ্ব এক নারী রয়েছেন।
বিভাগটি আরও জানায়, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ১১ জনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছিল। তাঁদের মধ্যে দুই শিশুও রয়েছে। আটকে পড়া ব্যক্তিদের কেউ সাড়া দিচ্ছিলেন না, আবার কারও কাছে পৌঁছানোও সম্ভব হচ্ছিল না।
এ হামলাকে ইউক্রেনে রাশিয়ার ‘গণহত্যা’ বলে অভিহিত করেছেন দেশটির মানবাধিকারবিষয়ক ন্যায়পাল দিমিত্রো লুবিনেৎস।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘বিশ্বের আর নীরব দর্শক হয়ে থাকা উচিত নয়। এই সন্ত্রাসের নিন্দা জানান, রাশিয়াকে জবাবদিহির আওতায় আনুন এবং নিরীহ ইউক্রেনীয়দের হত্যা বন্ধে এখনই পদক্ষেপ নিন।’
এদিকে ভিশনেভ শহরে একটি সুপারমার্কেটে রুশ হামলায় আরও তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন, যাঁদের মধ্যে তিনটি শিশু রয়েছে। শহরটির মেয়র ইলিয়া দিকভ ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।