খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ( ৯ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে নগরীর ৬নম্বর ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এমভি তাওছীফের আয়মান-২ এর সুকর্ণী মিলন ঘোষ নদী থেকে পানি তোলার জন্য দুইটি লাইটার ভেসেলের মাঝখানে যান। এ সময় তিনি ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান। স্থানীয়রা খুলনা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নৌ-পুলিশকে অবহিত করে।
খুলনা নৌ-পুলিশ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।