জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, চিকিৎসকের অবহেলার অভিযোগ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে হৃদয় হাসান (২৪) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় চিকিৎসকদের অবহেলার অভিযোগ জানিয়েছেন স্বজনরা। 

শুক্রবার (০৯ জানুয়ারি) সকালে মাদারগঞ্জ পৌর ভবনের নির্মাণাধীন গেইটে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় পৌর শহরের বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকার হাসান ফকিরের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রি) বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও সহকর্মীদের সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পৌর ভবনের নির্মাণাধীন গেইটের ছাদের ওপর কাজ করার সময় সেখানে থাকা বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়েন হৃদয়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্টে ছাদেই অচেতন হয়ে পড়েন। তার অচেতনের বিষয়টি বুঝতে পেরে নিচে থাকা সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের অভিযোগ, চিকিৎসক মৃত ঘোষণা করার পর হৃদয়ের মরদেহ বাড়িতে নিয়ে গেলে তার শরীর গরম ছিল এবং নড়াচড়া লক্ষ্য করা যায়। এ অবস্থায় তাকে পুনরায় হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক দ্বিতীয়বারও তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা অভিযোগ করে বলেন, হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা সময়মতো চিকিৎসা দেয়ায় হৃদয়কে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকের অবহেলার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের জরুরি বিভাগে উত্তেজনার সৃষ্টি হয়। পরে স্থানীয় নেতা-কর্মীরা পরিস্থিতি শান্ত করেন।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের চিকিৎসকরা সব প্রক্রিয়া ও নিয়ম মেনেই রোগীকে মৃত ঘোষণা করেছেন। এটি রোগীর স্বজনদের ভুল বোঝাবুঝি।

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ডাক্তারদের সঙ্গে কথা বলা হয়েছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করেই রোগীকে মৃত ঘোষণা করেছেন। এ ঘটনায় হাসপাতালে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।