শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, পরীক্ষার্থীর কারাদণ্ড

জামালপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করায় সালেমা আক্তার (৩১) নামে এক পরীক্ষার্থীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে একশত টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিনদিনের দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডিত সালেমা আক্তারের বাড়ি ইসলামপুর উপজেলার তাবুরচর এলাকায়।

জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার এ দণ্ডাদেশ প্রদান করেন।

জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরীক্ষায় জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের একটি কক্ষে পরীক্ষা চলাকালীন ডিভাইস ব্যবহার করেন পরীক্ষার্থী সালেমা আক্তার। বিষয়টি সংশ্লিষ্টদের নজরে এলে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবগত করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই পরীক্ষার্থীকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ সময় তাকে একশত টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ডের আদেশ প্রদান করেন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার বলেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কেন্দ্রে ডিভাইস ব্যবহার করার সময় একজনকে হাতেনাতে ধরে ফেলি। পরে পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে ৫ দিনের কারাদণ্ড ও ১ শত টাকা অর্থদণ্ড করা হয়েছে।