ইরানে বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগের ইঙ্গিত ইসলামিক বিপ্লবী গার্ডের

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে দেশটির নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে—এমন ইঙ্গিত দিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড। 

শুক্রবার (০৯ জানুয়ারি) এক বিবৃতিতে এই বাহিনী জানায়, দেশের বর্তমান অস্থিরতা দীর্ঘস্থায়ী হতে দেওয়া হবে না।

এর আগে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মন্তব্য করেছিলেন, যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার পিছিয়ে থাকবে না। তাঁর এই বক্তব্যের পরই নিরাপত্তা বাহিনীর অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, সাম্প্রতিক বক্তব্য ও বিবৃতিগুলো থেকে বোঝা যাচ্ছে, নিরাপত্তা বাহিনীর ধৈর্য কমে আসছে এবং বিক্ষোভ দমনে পরিকল্পিত পদক্ষেপের প্রস্তুতি চলছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বিশেষ বার্তা প্রচার করা হচ্ছে। সেখানে অভিভাবকদের উদ্দেশে বলা হয়েছে, তারা যেন সন্তানদের বিক্ষোভে অংশ নিতে নিরুৎসাহিত করেন। প্রচারিত বার্তায় দাবি করা হয়েছে, বিক্ষোভস্থলে নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হতে পারে।

বৃহস্পতিবার রাতেই রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ দেখা যায়। হাজার হাজার মানুষ সড়কে নেমে প্রতিবাদে অংশ নেন। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

১৯৭৯ সালের গণবিপ্লবের মধ্য দিয়ে ইরানে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। বিশ্লেষকদের মতে, সেই সময়ের পর বর্তমান শাসনব্যবস্থা এখন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে।

সূত্র: বিবিসি