শরীয়তপুরে বিএনপির প্রার্থীদের হাত ধরে জেলা আওয়ামী লীগের সদস্য, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র জেলা মুখ্য সংগঠক ও বাংলাদেশ জাতীয় যুব সংহতি জেলার সদস্য সচিবসহ তিন শতাধীক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
শুক্রবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শরীয়তপুর সদর উপজেলার বুড়িরহাট বাজারে আঞ্চলিক বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া অনুষ্ঠান শেষে তারা যোগদান করেন।
তারেক রহমানের সাবেক একান্ত সচিব, শরীয়তপুর-৩ আসন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, শরীয়তপুর-১ আসন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাঈদ আহমেদ আসলামের হাত ধরে তারা বিএনপিতে যোগদান করেন।
অনুষ্ঠানে বক্তব্যকালে তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নূরুদ্দিন আহমেদ অপু ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম বলেন, যারা বিএনপিকে ভালোবেসে দলে এসেছেন তাদের পাশে আমরা সবসময় থাকবো। আমরা এখন একটি পরিবারে যুক্ত হয়েছি। সবাই মিলে উন্নত শরীয়তপুর গড়ে তুলবো ইনশাআল্লাহ।