মাদারীপুর

শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্রসহ আটক ২

মাদারীপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসকারী চক্রের উত্তরপত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন আনসার সদস্যও রয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ বিষয়ে নিশ্চিত করেন।

এদিন বিকেলে সদর উপজেলা শহরের আসমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও চরমুগরীয়া মহাবিদ্যালয় দুইটি পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন মাদারীপুরের কালকিনির জুরগাঁও গ্রামের অমৃত মণ্ডল, তিনি আনসার সদস্য হিসেবে মতিঝিল থানায় কর্মরত রয়েছেন। অন্যজন হলেন সদর উপজেলার ছয়না এলাকার লাভলী বেগম।

পুলিশ জানায়, সারাদেশে শুক্রবার বিকেলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুক্রবার জেলা শহরের আসমত আলী খান পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অমৃত মন্ডল পরীক্ষা দিতে আসেন। পরে পরীক্ষা চলাকালে তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং ফোনটিতে পরীক্ষার উত্তরপত্র পাওয়া যায়। এসময় তাকে আটক করে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করে।

অপরদিকে, একই দিনে সদর উপজেলার চরমুগরীয়া মহাবিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে লাভলী আক্তার নামে আরেকজনকে আটক করেছেন শিবচর সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম। এসময় তাকে সন্দেহ জনকভাবে ম্যাজিস্ট্রেটের কাছে হাস্তান্তর করেন। উত্তরপত্রের শিটের সঙ্গে নিয়োগপত্রের প্রশ্নের সঙ্গে মিল পাওয়া যায়। পরে মাদারীপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাকে।

ওসি আবুল কালাম আজাদ বলেন, শনিবার আইনি প্রক্রিয়া শেষে আটকদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।