ফিফা বিশ্বকাপের মাত্র ছয় মাস বাকি। এখন থেকেই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি তার দল ও বিশ্বকাপ পরিকল্পনা মূল্যায়ন শুরু করেছেন। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব থাকা সত্ত্বেও স্কালোনি জানেন, অতীত সাফল্যের ওপর ভর করে বসে থাকার সুযোগ নেই। একইসঙ্গে তিনি জানিয়েছেন, সুপারস্টার লিওনেল মেসির সঙ্গেও তার সাম্প্রতিক সময়ে আলোচনা হয়েছে।
বিশ্বকাপ ড্রয়ের পর গ্রুপ পর্বের প্রতিপক্ষদের নিয়ে ইতোমধ্যেই গভীরভাবে বিশ্লেষণ শুরু করেছেন আর্জেন্টাইন কোচ। ‘এএফএ এস্তদিও’-কে তিনি বলেন, ‘আলজেরিয়া খুবই শক্তিশালী প্রতিপক্ষ। তারা আফ্রিকা কাপ অব নেশন্সে দারুণ খেলছে। জর্ডান সম্পর্কে আমরা খুব বেশি জানি না, তবে আরব কাপের পারফরম্যান্স দিয়ে তারা নজর কেড়েছে। আর অস্ট্রিয়া তো বরাবরই কঠিন দল। তাদের কোচ হাই প্রেসিং পছন্দ করেন। এটা নিঃসন্দেহে একটি কঠিন বিশ্বকাপ গ্রুপ।’
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি আগামী বিশ্বকাপে খেলবেন কিনা সেটা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। তবু স্কালোনির বিশ্বাস— তার খেলোয়াড়ী মানসিকতা আগের মতোই আছে। মেসির সঙ্গে সাম্প্রতিক এক কথোপকথনের বিষয়ে তিনি বলেন, ‘আমি মেসির সঙ্গে কথা বলেছি। আমার উদ্দেশ্য বেশিরভাগ খেলোয়াড়ের সঙ্গেই কথা বলা, যাতে তারা আমার দৃষ্টিভঙ্গি বুঝতে পারে। বিশ্বকাপের আর ছয় মাস বাকি, এখন থেকেই সবার মাঝে পরিষ্কার ধারণা থাকা জরুরি।’
মেসিকে নিয়ে তিনি আরও বলেন, ‘যারা লিওকে চেনে, তারা জানে— ও কখনোই আরাম করে বসে থাকে না। ও সবসময় মাঠে থাকতে চায়, সবসময় জিততে চায়। সতীর্থদের জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি চাই সবাই যেন ওকে একই মানসিকতায় দেখতে পারে। সে যেখানেই থাকুক, জাতীয় দলের জন্য খেলতে প্রস্তুত। আমরা এখনো বিশ্বকাপ নিয়ে বিস্তারিত কথা বলিনি। তবে দলের জন্য যেট ভালো হয়- সেটাই অগ্রাধিকার পাবে।’