আইসিসি থেকে কত রাজস্ব পায় বিসিবি? তামিমের সঙ্গে বুলবুলের দ্বিমত

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০১:৩৯ পিএম

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়ে সাবেক অধিনায়ক তামিম ইকবালের একটি মন্তব্য ঘিরে তোলপাড় চলছে দেশের ক্রিকেটে। বিশ্বকাপ বর্জনের বিষয়ে বিসিবিকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছিলেন তামিম। এর প্রেক্ষিতে তামিমকে ‘ভারতীয় দালাল’ বলতেও ছাড়েননি বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম! বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

গত বৃহস্পতিবার রাজধানীর পল্লবীতে এক অনুষ্ঠানে তামিম ইকবাল বলেছিলেন, ‘আপনি যদি দেখেন আমাদের ৯০-৯৫ ভাগ ফাইনান্স কিন্তু আইসিসি থেকেই আসে। আমরা যখন খেলতে যাই দর্শক অনেক রকম করেই চিন্তা করে আবেগ থেকে অনেক কিছু বলে। সব কিছু এভাবে চিন্তা করলে আপনি এত বড় প্রতিষ্ঠান চালাতে পারবেন না।’ এরপর থেকেই প্রশ্ন ওঠে- আইসিসি থেকে আসলে কতটা অর্থ পায় বিসিবি?

শুক্রবার একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, আইসিসি থেকে প্রাপ্ত রাজস্বের পরিমাণ ৯০-৯৫ শতাংশ নয়। বরং আইসিসি থেকে প্রতি বছর বিসিবি ৫৫–৬০ শতাংশ রাজস্ব পেয়ে থাকে। সাম্প্রতিক সময়ে নানা কারণে বিসিবির অভ্যন্তরীণ আয় কিছুটা কমলেও আইসিসি থেকে বিসিবি কোনোভাবেই ৯০ শতাংশেরও বেশি আয় করে না বলে নিশ্চিত করেন তিনি।

এর বাইরে বিসিবির আয়ের উৎসের মধ্যে রয়েছে আন্তর্জাতিক সিরিজের টিভি স্বত্ব, স্পনসরশিপ, জাতীয় দলের টাইটেল স্পনসর, ইন্টারন্যাশনাল হোম সিরিজ স্পনসর, কিট স্পনসরশিপ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগ (সিসিডিএম) এবং এনসিএল, বিসিএলের মতো ঘরোয়া টুর্নামেন্টগুলো থেকেও বোর্ডের আয় হয়। এছাড়া এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) থেকে প্রাপ্ত লভ্যাংশ, ব্যাংকে রাখা স্থায়ী আমানতের সুদ এবং স্টেডিয়ামের টিকিট বিক্রি এবং গ্রাউন্ড রাইটসও আয়ের উৎস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত