ওমানের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। দুর্ঘটনায় পরিবারের আরও তিন সদস্য গুরুতর আহত হন। শুক্রবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টার দিকে সালালাহর তাম্বেত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চট্টগ্রামের ফটিকছড়ির ছোট ছিলোনিয়া গ্রামের ওমান প্রবাসী মো. শফিউর আলম, তার স্ত্রী বিলকিস আক্তার, তাদের একমাত্র ছেলে মুহাম্মদ সাকিবুল হাসান সবুজ ও দম্পতির মেয়ের জামাই হারুয়ালছড়ি ইউনিয়নের বাসিন্দা মুহাম্মদ দিদার।

আহতরা হলেন, নিহত সাকিবুলের স্ত্রী, ছোট মেয়ে ও তার বোন। তাদেরও শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনেরা।

ওমানে থাকা নিহত সাকিবুলের চাচা মো. জাহাঙ্গীর জানান, কয়েক দিন আগে মাস্কাট থেকে হতাহতরা হজরত আইয়ুব (আ.) এর মাজার জিয়ারত ও ভ্রমণের উদ্দেশ্যে সালালাহ যান। পরিবারের সবাই মিলে সেখানে সময় কাটাচ্ছিলেন। শুক্রবার রাতে ঘোরাঘুরি শেষে মাস্কাট ফেরার পথে সড়কে চলে আসা একটি উটের সঙ্গে প্রাইভেটকারটির ধাক্কা লেগে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে ভাতিজা আর ভাস্তি জামাই নিহত হন। আহতদের হাসাপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক ভাইকে মৃত ঘোষণা করে।  

মো. জাহাঙ্গীর বলেন, এটা মেনে নেওয়া খুব কষ্টকর।

সুন্দরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল আজম বলেন, দুর্ঘটনার খবর পৌঁছানোর পর ফটিকছড়ির ছোট ছিলোনিয়া গ্রামে শোকের ছায়া নেমেছে। আমরা সবাই শোকাহত।