বিশ্বকাপের স্বপ্ন বাঁচাতে লিওঁই ভরসা এনদ্রিকের, ‘এটাই আদর্শ ক্লাব’

ব্রাজিলের তরুণ স্ট্রাইকার এনদ্রিক জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নিজের ক্যারিয়ার নতুন করে গুছিয়ে নিতে ফরাসি ক্লাব লিওঁ-ই তার জন্য “আদর্শ জায়গা”। শুক্রবার এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী বছরের জুন–জুলাইয়ে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলার লক্ষ্য স্পষ্ট করে এনদ্রিক বলেন, “আমি বিশ্বকাপে খেলার জন্য লড়াই করব।”

গত মে মাসে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকে আর সেলেসাও দলে ডাক পাননি এনদ্রিক। সেই বাস্তবতায় নিয়মিত খেলার সুযোগ পাওয়াই এখন তার প্রধান লক্ষ্য।

রিয়াল মাদ্রিদ থেকে ধারে লিওঁ-এ যোগ দিয়েছেন এনদ্রিক। এই চুক্তিতে কেনার কোনো অপশন নেই। ফরাসি কাপের রাউন্ড অব ৩২-এ রবিবার লিল-এর বিপক্ষে ম্যাচে লিওঁর হয়ে অভিষেক হতে পারে তার।'

নতুন ক্লাব নিয়ে আত্মবিশ্বাসী এনদ্রিক বলেন, “আমি এমন একটি ক্লাব পেয়েছি, যেটা আমার জন্য একেবারে আদর্শ। খেলতে নামার জন্য আর অপেক্ষা করতে পারছি না।” বর্তমানে লিগ ওয়ানে পঞ্চম স্থানে রয়েছে লিওঁ, শীর্ষে থাকা লেসঁ-এর চেয়ে তারা ১০ পয়েন্ট পিছিয়ে।

চলতি মৌসুমের প্রথমার্ধে রিয়াল মাদ্রিদে জাবি আলোনসোর অধীনে খুব কম সুযোগই পেয়েছেন এনদ্রিক। লা লিগায় তার খেলার সময় ছিল মাত্র ১১ মিনিট। ২০২৪ সালে পালমেইরাস থেকে মাদ্রিদে যোগ দেন তিনি।

এর আগের মৌসুমে, যখন আনচেলত্তিই রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন, তখন সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ ম্যাচ খেলেন এনদ্রিক। সেই সময় তার নামের পাশে ছিল সাত গোল ও একটি অ্যাসিস্ট।

এদিকে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল তাদের অভিযান শুরু করবে ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর গ্রুপ ‘সি’-তে তাদের প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।