এক রাতেই তিন স্থানে হামলা, যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে ছয়জন নিহত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের উত্তর–পূর্বাঞ্চলের ক্লে কাউন্টিতে এক রাতে ধারাবাহিক সহিংস ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ওয়েস্ট পয়েন্ট শহরের তিনটি ভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রাতের মধ্যে পৃথক তিনটি স্থানে প্রাণহানির ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত আটক ব্যক্তির পরিচয় কিংবা ঘটনার বিস্তারিত কারণ প্রকাশ করা হয়নি। কর্তৃপক্ষ বলছে, প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ক্লে কাউন্টির শেরিফ এডি স্কট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, সন্দেহভাজন বর্তমানে হেফাজতে আছেন এবং এই মুহূর্তে স্থানীয় বাসিন্দাদের জন্য আর কোনো ঝুঁকি নেই। তাঁর পোস্টে নিহতদের সংখ্যা নির্দিষ্ট করে উল্লেখ না থাকলেও তিনি ভুক্তভোগী ও তাঁদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান এবং সবাইকে তাঁদের জন্য প্রার্থনার আহ্বান জানান।

মিসিসিপির উত্তর–পূর্বাঞ্চলে অবস্থিত ক্লে কাউন্টির জনসংখ্যা প্রায় ২০ হাজার। ঘটনাগুলোর পেছনের প্রেক্ষাপট ও বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।