যুদ্ধবিরতির পর সিরিয়ার আলেপ্পো শহর থেকে সম্পূর্ণভাবে সরে গেছে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)। রবিবার (১১ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানায়। এই প্রত্যাহারের মধ্য দিয়ে আলেপ্পো শহরে কয়েক দিন ধরে চলা প্রাণঘাতী সংঘর্ষের অবসান ঘটে।
এই প্রত্যাহারের মধ্য দিয়ে ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর থেকে আলেপ্পোর বিভিন্ন এলাকা থেকে এসডিএফের উপস্থিতির অবসান হলো। তবে উত্তর–পূর্ব সিরিয়ার বিস্তীর্ণ এলাকায় কুর্দি প্রশাসন এখনো তাদের আধা-স্বায়ত্তশাসিত নিয়ন্ত্রণ বজায় রেখেছে। আন্তর্জাতিক মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় আলেপ্পোর আশরাফিয়াহ ও শেখ মাকসুদ এলাকা থেকে যোদ্ধা ও বেসামরিক মানুষদের নিরাপদে সরিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়।
এসডিএফকে সিরিয়ার নতুন সরকারের সঙ্গে একীভূত করার আলোচনা ভেস্তে যাওয়ায় গত সপ্তাহে নতুন করে সংঘর্ষ শুরু হয়। ২০২৪ সালের শেষ দিকে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে উৎখাত করে সাবেক বিদ্রোহীদের নেতৃত্বে এই সরকার গঠিত হয়। সংঘর্ষে অন্তত নয়জন বেসামরিক নাগরিক নিহত হন এবং এক লাখ চল্লিশ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হন। শুরুতে এসডিএফ যোদ্ধারা শেখ মাকসুদ ছাড়তে অস্বীকৃতি জানালে সিরীয় বাহিনী স্থল অভিযান চালানোর হুমকি দেয়।
এই সহিংসতা প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সরকারের সঙ্গে কুর্দি শক্তির গভীর বিভাজনকে আরও স্পষ্ট করেছে এবং চৌদ্দ বছর ধরে চলা যুদ্ধের পর দেশ পুনরেকত্রীকরণের প্রচেষ্টা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সংঘর্ষের কারণে গুরুত্বপূর্ণ সরবরাহ পথ বন্ধ হয়ে যায়, শিল্পাঞ্চলের কারখানাগুলোতে উৎপাদন থেমে যায় এবং আলেপ্পোর আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।