সুনামগঞ্জ

অবৈধ মাটি কাটার দায়ে যুবকের দেড় লাখ টাকার জরিমানা

সুনামগঞ্জে অভিযান চালিয়ে খাস জমির মাটি কাটার দায়ে শিহাব নামে এক যুবককে নগদ দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল শনিবার (১০ জানুয়ারি) এ অভিযান পরিচালনা করে। 

অর্থদণ্ডপ্রাপ্ত তাজুয়ার আফজাল শিহাব (৩৫) ইব্রাহিমপুর গ্রামের আফজাল হোসেন ছানা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের উত্তরদিকে শিললুয়ার হাওরে গত এক মাস ধরে চলছে সরকারি খাস জমির মাটি লুট করে আসছে দুর্বৃত্তরা। খবর পেয়ে  শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায়  প্রশাসনের লোকজন সরেজমিনে দেখতে পান ভেকু দিয়ে মাটি কেটে বিক্রির পাশাপাশি পুকুর ভরাট করছে শিহাব।

এদিকে, এ ঘটনায় স্থানীয় মাটিচোরদের বিরুদ্ধে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশ প্রশাসন বরাবরে পৃথক পৃথক লিখিত অভিযোগ করেন ইব্রাহিমপুর গ্রামের ঠিকাদার মো. কামাল হোসেন।

পুলিশ প্রশাসন জানায়, সন্ত্রাসী শিহাব পুলিশ এসল্ট মামলাসহ সদর মডেল থানায় একাধিক মামলার আসামি। 

এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রতন সেখ বলেন, কৃষি জমির উপরিস্তর পরিবর্তন, খনন ও ভরাট সংক্রান্ত এবং পরিবেশ ও প্রতিবেশ বিপর্যয়সহ সরকারি খাস খতিয়ানের জায়গা থেকে যে বা যারা মাটি লুট করবে আমরা সংবাদ পাওয়া মাত্র তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করব। ইব্রাহিমপুর গ্রামে আর কেউ যাতে ছটাক পরিমাণ মাটি চুরি করে না নিতে পারে সেজন্য সকলকে সজাগ ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।