অকালে ঝরে গেলেন ‘ইন্ডিয়ান আইডল’ প্রশান্ত তামাং

মাত্র ৪৩ বছর বয়সে প্রয়াত ইন্ডিয়ান আইডল সিজন ৩-এর বিজয়ী প্রশান্ত তামাং। রবিবার (১১ জানুয়ারি) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় এই গায়ক-অভিনেতা । নয়াদিল্লির বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন প্রশান্ত। ২০০৭ সালে টেলিভিশন রিয়্যালিটি শো 'ইন্ডিয়ান আইডল'-এর মঞ্চে বিজয়ী হয়ে ইতিহাস গড়েছিলেন দার্জিলিংয়ের এই ভূমিপুত্র। এক সাধারণ পুলিশ কনস্টেবল থেকে রাতারাতি জাতীয় সংগীত সেনসেশনে পরিণত হয়েছিলেন তিনি। তার সেই জয়ের পেছনে কেবল তার গলার মাধুর্য ছিল না, ছিল অগণিত গোর্খা এবং নেপালি ভাষাভাষী মানুষের আবেগ ও সমর্থন। 

কলকাতা পুলিশের অর্কেস্ট্রায় গান গাইতেন, সেখান থেকে গোটা ইন্ডিয়ার মনের মণিকোঠায় স্থান করে নেন। ইন্ডিয়ান আইডল জেতার পর তার প্রথম অ্যালবাম 'ধন্যবাদ' ব্যাপক জনপ্রিয়তা পায়। হিন্দি ও নেপালি ভাষায় তিনি অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। কেবল গান নয়, নেপালি চলচ্চিত্রেও তিনি নিজের নাম উজ্জ্বল করেছিলেন। সম্প্রতি তাকে দেখা গিয়েছিল আমাজন প্রাইম ভিডিয়োর পাতাললোক সিজন ২-তে। 

প্রশান্ত তামাং-এর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ তার সহকর্মী এবং ভক্তরা। গোর্খা সম্প্রদায়ের কাছে তিনি ছিলেন এক অনুপ্রেরণার নাম। তাঁর মৃত্যুতে বিনোদন জগত একজন বহুমুখী প্রতিভাকে হারাল। রেখে গেলেন তার স্ত্রী ও পরিবারকে। 

সংগীতপ্রেমীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রিয় 'পাহাড়ি হিরো'কে শ্রদ্ধা জানাচ্ছেন। তার কণ্ঠের সেই মায়াবী সুর চিরকাল ভক্তদের মনে বেঁচে থাকবে। প্রশান্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সারেগামাপা জয়ী পাহাড়ি গায়ক অ্যালবার্ট কাবো।