ভেনিজুয়েলায় মার্কিন আগ্রাসন বন্ধ করা এবং প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীর মুক্তির দাবিতে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের উদ্যোগে শরের চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মাগুরা জেলার অন্যতম নেতা ও বাংলাদেশ জাসদ মাগুরার সভাপতি এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলার আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু, বিপ্লবী কমিউনিস্ট লীগ মাগুরা শাখার সাধারণ সম্পাদক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ, জেলা বাংলাদেশ জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক বাসারুল হায়দার বাচ্চুসহ অন্যরা।
নেতৃবৃন্দ বলেন, আন্তর্জাতিক আইনকানুন, নিয়মনীতি লঙ্ঘন করে গায়ের জোরে সন্ত্রাসী কায়দায় একটি স্বাধীন দেশের রাষ্ট্রপতি ও তার স্ত্রীকে বন্দি করে নিয়ে যাওয়ার ঘটনা নিষ্কৃষ্ট মার্কিন সাম্রাজ্যবাদী চরিত্রের নির্লজ্জ প্রকাশ।
কথিত মাদকের অজুহাতে এই হামলার উদ্দেশ্য হলো ভেনেজুয়েলার তেল, স্বর্ণসহ অন্যান্য খনিজ সম্পদ দখল করা এবং প্রতিক্রিয়াশীল ধনিক শক্তির সঙ্গে জোট বেঁধে জোরপূর্বক সরকার পরিবর্তন করা। মার্কিন সাম্রাজ্যবাদসহ সকল সাম্রাজ্যবাদীদের দেশে দেশে আগ্রাসী অপতৎপরতার বিরুদ্ধে বিশ্বের গণতন্ত্রমনা জনগণের ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ মাগুরার ইছাখাদায় গরু চুরির অপবাদে পিটিয়ে হত্যার ঘটনার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।