প্রধান উপদেষ্টার দৃষ্টি কামনা

হেনস্তার শিকার মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী, ভুগছেন নিরাপত্তাহীনতায়

মুন্সীগঞ্জ-৩ (গজারিয়া-সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন হেনস্তার শিকার হয়েছেন। তিনি নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে জানিয়েছেন সাংবাদিকদের।

শনিবার (১১জানুয়ারি) বিকালে উপজেলা বালুয়াকান্দী ইউনিয়নের ছোট রায়পাড়া গ্রামে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় কালে এ কথা জানান তিনি।

এ সময় তিনি জানান, ঢাকায় নির্বাচন কমিশনার এর কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের মনোনয়ন শুনানিতে আপত্তি জানাতে গিয়ে তার সমর্থকদের দ্বারা হেনস্তার কথা শিকার করে বলেন, ‘আমার ও আমার পরিবারের ওপর বেইজ্জতি হয়েছে। তারা অকথ্য ভাষায় কথা বলেছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি কামনা করছি।’

রবিবার মুন্সিগঞ্জ ৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চাওয়া জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের মনোনয়ন সংক্রান্ত আপিলের রায় ঘোষণার কথা রয়েছে।

মত বিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন তার সহধর্মিনী নুরে জান্নাত রৌশনি, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসহাক আলী, রেঁনেসা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আতাউর রহমান, জেলা যুব দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জামাল ভূঁইয়া প্রমুখ।