সাভার

দুই পোশাক কারখানা বন্ধ ঘোষণা, আরেকটিতে বিক্ষোভ

সাভারে দুইটি পোশাক কারখানায় শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ না করে অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ । এছাড়া আরও একটি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে কর্মরত শ্রমিকরা বিক্ষোভ করেছে। রবিবার (১১ জানুয়ারি) সকালে সাভারের পশ্চিম রাজাশন এলাকায় অ্যামট্রানেট লিমিটেড গার্মেন্টেস পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে।

এদিন সকাল ৮টার দিকে সাভারের আশুলিয়ার কাঠগড়া বাজারে ক্রসওয়্যার ও জিহান গার্মেন্টস লিমিটেড কারখানার প্রধান ফটকে অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ টাঙিয়ে দেওয়া হয়।

অ্যামট্রানেট গার্মেন্টেসের  আন্দোলনরত শ্রমিকরা জানায়, ডিসেম্বর মাসের বেতন কারখানা কর্তৃপক্ষ এখনও পরিশোধ করেনি। শ্রমিকরা কারখানার কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা করে। তবে বেতন পরিশোধের আশ্বাস দিলেও তা কারখানা কর্তৃপক্ষ পরিশোধ করেনি। তাই বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেছে বলে জানায়।

 এদিকে রবিবার সকাল ৮টার দিকে ক্রস ওয়্যার ও জিহান গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে আসে। এসময় শ্রমিকরা কারখানার গেটে বন্ধের নোটিশ দেখতে পায়। পরে কারখানায় কাজে যোগ না দিয়ে শ্রমিকরা বাসায় ফিরে যান।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন,আমাদের পুলিশ সদস্যরা সমাধানের জন্য চেষ্টা করছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।