সিরাজগঞ্জের বেলকুচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার বসত বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের পেস্তক দক্ষিণপাড়া গ্রামের ইয়াহিয়ার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ইয়াহিয়া ওই গ্রামের জেলহক আলীর ছেলে ও কার্যক্রম নিষিদ্ধ দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও তার একটি ঘর এবং আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ায় আশেপাশের বাড়ি আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে। ইয়াহিয়া ও তার পরিবারের ধারণা, রাজনৈতিক শত্রুতার জেরেই দুর্বৃত্তরা তার বাড়িতে আগুন দিয়েছে।
ইয়াহিয়ার বাবা জেলহক আলী জানান, ‘দুর্বৃত্তরা আমাদের বড় ধরনের ক্ষতির উদ্দেশ্যে আগুন দিয়েছে। ঘরে আগুন লেগে যাওয়ায় আমরা দ্রুত বাইরে বের হয়ে প্রাণে বাঁচি। ঘর এবং আসবাবপত্র পুড়ে ভস্মিভুত হয়েছে। আমরা দ্রুত আইনের সহায়তা নেব।’
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. ফরিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’