বালিয়াকান্দিতে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার বিএনপি নেতা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ দুইজনকে অস্ত্র ও মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। রবিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার দুবলাবাড়ি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই নেতার নাম মশিউল আজম চুন্নু। তিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তার বাড়ি বালিয়াকান্দি ইউনিয়নের শেখপাড়া এলাকায়। তার বাবার নাম আব্দুর রশিদ। অপরজন তার সহযোগী একই এলাকার রফিক শেখের ছেলে হৃদয় শেখ।

রবিবার বিকালে রাজবাড়ীর আর্মি ক্যাম্পের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লে. কর্নেল আব্দুল্লাহ আল মারুফের নেতৃত্বে উপজেলার দুবলাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের পর তাদের নিকট থেকে একটি এয়ার রাইফেল, চারটি ওয়াকিটকি চার্জার, তিনটি ওয়াকিটকি, দুটি চাকু, এক বোতল মদ, চারটি মদের খালি বোতল, চারটি মোবাইল ফোন, নগদ ৩৮ হাজার টাকা জব্দ করা হয়। পরে বিকালে তাদেরকে রাজবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার জিয়াউর রহমান জানান, সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে রাজবাড়ী থানায় হস্তান্তর করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে। এছাড়াও গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে পুর্বের একাধিক মামলা চলমান।