কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্টকে বিদায় করে চার বছর পর আবারও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট আফ্রিকা নেশনস কাপের সেমিফাইনালে উঠেছে মোহামেদ সালাহর মিসর। তবে সালাহ যেখানে পৌঁছাতে চান, তা এখনো দুই ধাপ দূরে। ২০১১ সাল থেকে জাতীয় দলে খেলছেন, এখন পর্যন্ত নেশনস কাপ জেতা হয়নি তার। ক্লাব ফুটবলে সম্ভাব্য প্রায় সব ট্রফি জিতে ফেলা সালাহ এখন প্রথমবার মিসরের হয়ে ট্রফি হাতে তোলার অপেক্ষায়।
আগাদিরে শনিবারের কোয়ার্টার ফাইনাল ছিল রীতিমতো থ্রিলার। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মিসর। চতুর্থ মিনিটেই এগিয়ে যায় ফারাওরা মিডফিল্ডে ভুলে বল হারানো আইভরিয়ানদের শাস্তি দেন ওমর মারমুশ। এরপর ৩২ মিনিটে সালাহর কর্নার থেকে রামি রাবিয়ার হেডে ব্যবধান দ্বিগুণ হয়।
চাপ সামলাতে না পেরে বিরতির আগে কিছুটা ঘুরে দাঁড়ায় আইভরি কোস্ট। ৪০ মিনিটে ইয়ান দিওমান্দের ফ্রি-কিক থেকে অডিলন কসুনুর হেড মিসর ডিফেন্ডার আহমেদ আবুল-ফেতুহর গায়ে লেগে জালে জড়ায় নিজেদের জালে আত্মঘাতী গোল, ব্যবধান কমে আসে ২-১।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার ব্যবধান বাড়ান সালাহ। ৫২ মিনিটে ইমাম আশুরের নিখুঁত ক্রস থেকে চাপের মধ্যেই বল জালে ঠেলে দেন লিভারপুল তারকা টুর্নামেন্টে এটি তার চতুর্থ গোল। তবে ম্যাচ শেষ হওয়ার আগে আবার নাটক যোগ হয়। ৭৩ মিনিটে কর্নার থেকে গোলমুখের জটলায় গুইলা দোয়ে গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-২। শেষ দিকে প্রবল চাপেও মিসরের রক্ষণ ভাঙতে পারেনি আইভরি কোস্ট।
এই হারের মধ্য দিয়ে টানা অষ্টমবারের মতো শিরোপাধারী দল হিসেবে শিরোপা ধরে রাখতে ব্যর্থ হলো আইভরি কোস্ট সর্বশেষ ২০১০ সালে মিসরই একমাত্র দল যারা শিরোপা ধরে রাখতে পেরেছিল।
ম্যাচ শেষে সালাহ বলেন, ‘জয়টা চমৎকার ছিল। তবে আগেও যেমনটা বলেছি, আমরা আমাদের দেশের জন্য লড়ছি।’ ক্লাব ফুটবলে প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ, চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপ জিতলেও আফ্রিকা কাপের শিরোপা এখনো অধরা সালাহর। ২০১৭ সালে ক্যামেরুন ও ২০২১ সালে সেনেগালের কাছে ফাইনালে হেরেছিলেন তিনি। এবার সেই স্বপ্ন পূরণে আর মাত্র দুই ম্যাচ দূরে ৩৩ বছর বয়সী এই তারকা। সেমিফাইনালে সেনেগালকে হারাতে হবে মিসরকে। তারপর হারাতে হবে মরক্কো-নাইজেরিয়া সেমিফাইনাল জয়ীকে।
ওসিমেনের ঝলক, নাইজেরিয়ার স্বপ্ন : দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে মারাকেশে আলজেরিয়াকে ২-০ গোলে হারায় নাইজেরিয়া। প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্ট করলেও বিরতির পর দুই মিনিটের মধ্যেই লিড পায় সুপার ঈগলস। ব্রুনো ওনিয়েমায়েচির ক্রসে দারুণ হেডে গোল করেন ভিক্টর ওসিমেন।
২০২৩ সালের আফ্রিকান বর্ষসেরা ফুটবলার এরপর গোল করানও। ৫৭ মিনিটে আলেক্স ইওবির পাস থেকে বল পেয়ে নিঃস্বার্থভাবে আক্র অ্যাডামসকে সেট করে দেন ওসিমেন। গোলকিপারকে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান অ্যাডামস ম্যাচ কার্যত সেখানেই শেষ।
ম্যান অব দ্য ম্যাচ হয়ে ওসিমেন বলেন, ‘এটা আমার ব্যক্তিগত পারফরম্যান্সের গল্প নয়। পুরো দল দারুণ খেলেছে। আমরা সবাই এই জয়ের দাবিদার।’
দুই বছর আগে আইভরি কোস্টে ফাইনালে হেরেছিল নাইজেরিয়া। বিশ্বকাপে জায়গা না পাওয়ার হতাশা নিয়েই তারা এসেছে মরক্কোতে। এবার চতুর্থ শিরোপার স্বপ্ন দেখছে তিনবারের চ্যাম্পিয়নরা। তবে বুধবার রাবাতে স্বাগতিক মরক্কোর বিপক্ষে সেমিফাইনালে তাদের অপেক্ষা করছে আরও কঠিন চ্যালেঞ্জ।