ইরানের নেতাদের ‘হত্যা’ করতে ট্রাম্পকে আহ্বান লিন্ডসে গ্রাহামের

ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু বানাতে এবং তাঁদের ‘হত্যা’ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। তাঁর মতে, এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনবে এবং ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনকারীদের সাহসী করে তুলবে।

সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে লিন্ডসে গ্রাহাম বলেন, ‌মিস্টার প্রেসিডেন্ট, আমরা যে পদক্ষেপই নিই না কেন, তার উদ্দেশ্য হওয়া উচিত আন্দোলনকারীদের সাহস জোগানো এবং বর্তমান শাসকগোষ্ঠীকে চরম আতঙ্কিত করে তোলা।

সরাসরি ইরানের নেতাদের হত্যার প্রস্তাব দিয়ে তিনি আরও বলেন, আমি যদি আপনার জায়গায় থাকতাম, তবে যারা নিজ দেশের সাধারণ মানুষকে হত্যা করছে, আমি সেই নেতৃত্বকেই সরাসরি হত্যা করতাম। আপনাকে এই পরিস্থিতির অবসান ঘটাতে হবে।

সিনেটর গ্রাহাম বিশ্বাস করেন, ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতন হলে পুরো অঞ্চলের চিত্র বদলে যাবে। তিনি বলেন, যদি এই সংকটের একটি সফল সমাপ্তি ঘটে, তবে মধ্যপ্রাচ্যে শান্তি ছড়িয়ে পড়বে। রাষ্ট্রীয় মদতে পরিচালিত সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে। হিজবুল্লাহ ও হামাসের মতো সংগঠনগুলো বিলুপ্ত হবে। ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। মধ্যপ্রাচ্যে এক নতুন ভোরের সূচনা হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গ্রাহামের এই উসকানিমূলক মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। তবে ট্রাম্প প্রশাসন এ বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল