রাজধানীর ভাটারা থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফিরোজের ব্যবহৃত একটি মোটরসাইকেল চুরি হয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার ওসি মো. ইমাউল হক বলেন, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এএসআই ফিরোজের মোটরসাইকেলটি পার্কিং থেকে চুরি হয়। এ ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তার ও মোটরসাইকেল উদ্ধারে তদন্ত চলছে। সিসিটিভির ফুটেজে দেখা যায়, মুখোশধারী দুই ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে যাচ্ছেন। দুই ব্যক্তি মুখোশ পরে থানার গেটের সামনে ঘোরাফেরা করছেন। একপর্যায়ে এক ব্যক্তি থানার ভেতরে ঢুকে মোটরসাইকেলের তালা ভাঙেন। আরেকজন থানার বাইরে পাহারা দেন। পরে দুজন মিলে বাইকটি ঠেলে থানা এলাকা থেকে বের করে নিয়ে যান।
জানা গেছে, ইয়ামাহা কোম্পানির ‘এফজেডএস ভার্সন-২’ মডেলের কালো রঙের মোটরসাইকেলটি ভাটারা থানার উত্তর গেটের ভেতরে পানির ট্যাংকের পাশে তালাবদ্ধ অবস্থায় ছিল।
এএসআই ফিরোজ জানান, গত শুক্রবার রাতে তিনি মোটরসাইকেলটি থানার ভেতরে রেখে বাইরে দায়িত্ব পালন করছিলেন। সকালে থানায় ফিরে দেখেন মোটরসাইকেলটি নেই। পরে সিসিটিভি ফুটেজ দেখে তিনি জানতে পারেন, মুখোশধারী দুই ব্যক্তি মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছেন। মোটরসাইকেলের সঙ্গে রাখা তার হেলমেটটিও তারা নিয়ে যান।
তিনি জানান, মোটরসাইকেলে একটি জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ট্র্যাকার লাগানো ছিল। চোরেরা মোটরসাইকেলটি থানার বাইরের একটি গলিতে নিয়ে গিয়ে সেই জিপিএস ট্র্যাকার খুলে ফেলে। ফলে তিনি এখন মোটরসাইকেলটির অবস্থান শনাক্ত করতে পারছেন না।
