মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে বিদেশ থেকে আনা মেশিন ব্যবহার করে ইয়াবা তৈরির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ইয়াবা তৈরির মেশিন, বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য, ৮০০টি ইয়াবা বড়ি ও ২৫ গ্রাম আইস উদ্ধার করা হয়েছে। আটক যুবকের নাম ফিরোজ (৩৭)। তিনি ঢাকার বাসাবো এলাকার আবু তাহেরের ছেলে।
পুলিশ জানায়, ফিরোজ টঙ্গিবাড়ী উপজেলার দক্ষিণ বেতকা গ্রামে তাঁর খালু রশীদ ঢালীর বাড়িতে অবস্থান করে ইয়াবা তৈরি করতেন। পরে সেগুলো দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১১ জানুয়ারি) রাত ১০ টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার দক্ষিণ বেতকা গ্রামে অভিযান চালিয়ে যুবককে গ্রেপ্তার করা হয়। অভিযানে ব্যবহৃত ইয়াবা তৈরির মেশিন ও প্রয়োজনীয় রাসায়নিক উপকরণ উদ্ধার করা হয়।
জানা গেছে, যুবক ফিরোজ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ঢাকায় অবস্থান করে ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছিলেন। ঢাকায় তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রায় পাঁচ বছর আগে তিনি টঙ্গীবাড়ির দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে থেকেই তিনি মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ছয় থেকে সাত মাস আগে ফিরোজ হংকং যান। পরে সেখান থেকে ইয়াবা তৈরির একটি মেশিন এনে খালুর বাড়ির পাকা ভবনের ভেতরে ইয়াবা উৎপাদন শুরু করেন। কুরিয়ার সার্ভিসসহ বিভিন্ন মাধ্যমে বিদেশ থেকে তার কাছে রাসায়নিক দ্রব্য আসত বলেও জানান তারা।
এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার সেকেন্ড অফিসার রবিউল ইসলাম বলেন, গ্রেপ্তার ফিরোজ ঢাকার বাসাবো এলাকার বাসিন্দা। তিনি প্রায় পাঁচ বছর ধরে দক্ষিণ বেতকায় ভাড়া বাসায় অবস্থান করছিলেন। এর মধ্যে তিনি একবার হংকং গিয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিরোজ স্বীকার করেছে ইয়াবা তৈরির মেশিন ও রাসায়নিক দ্রব্য তিনি বিদেশ থেকে এনেছেন এবং সম্প্রতি ইয়াবা উৎপাদন করে বিক্রির চেষ্টা করছিলেন।
রবিউল ইসলাম আরও জানান, ফিরোজের বিরুদ্ধে ঢাকায় একাধিক মাদক মামলা রয়েছে। তার সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।