মোবাইল-ইন্টারনেটবিহীন জীবন ভারতীয় নিরাপত্তা উপদেষ্টার!

বর্তমান সময়ে মোবাইল-ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া জীবন কল্পনাই করা যায় না। প্রযুক্তি থেকে নিজেকে দূরে রাখা যে কতটা কঠিন, তা সকলেরই জানা! কিন্তু এই দুষ্কর কাজটিকেই নিজের দৈনন্দিন অভ্যাসে পরিণত করেছেন ভারতের শীর্ষস্থানীয় নিরাপত্তা কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

সম্প্রতি নয়াদিল্লিতে যুব সমাজের সঙ্গে এক সংলাপে তিনি একটি অবাক করা তথ্য দেন। দৈনন্দিন কাজে তিনি ইচ্ছে করেই মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহার করেন না। এক তরুণের প্রশ্নের জবাবে দোভাল জানান, নিরাপত্তাজনিত কারণেই তিনি ডিজিটাল মাধ্যম এড়িয়ে চলেন। তার ভাষ্যমতে, জাতীয় নিরাপত্তার দায়িত্ব সঠিকভাবে পালন করতেই তাকে জীবনকে এমন কঠোর ও সতর্কতার মাঝে বেঁধে রাখতে হয়।

দোভাল স্পষ্ট বলেন, এটা সত্যি যে আমি ইন্টারনেট ব্যবহার করি না। শুধু তাই না, কেবল পারিবারিক প্রয়োজনে বা বিদেশে থাকা কাউকে ফোন করার জরুরি ক্ষেত্র ছাড়া আমি ফোনও ব্যবহার করি না। আমি আমার কাজ এভাবেই সামলাই। আরো অনেক ধরনের যোগাযোগ মাধ্যম আছে। এমন কিছু অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও নিতে হয়, যেগুলোর ব্যাপারে সাধারণ মানুষ জানে না।

অজিত দোভাল একজন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার। কেরালা ক্যাডারের এই কর্মকর্তা দীর্ঘ সময় ধরে ভারতের গোয়েন্দা কার্যক্রম, অভ্যন্তরীণ নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমনের সঙ্গে যুক্ত। ১৯৬৮ সালে সার্ভিসে যোগ দেয়া দোভাল ‘কীর্তি চক্র’ পদকপ্রাপ্ত সর্বকনিষ্ঠ পুলিশ অফিসারদের একজন। মিজোরাম, পাঞ্জাব ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন বিদ্রোহ দমনে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

ভারতের জাতীয় নিরাপত্তা নীতিতে দোভালের প্রভাব বহু বছর ধরেই স্পষ্ট। সার্জিক্যাল স্ট্রাইক, বালাকোট অভিযান বা সীমান্ত সংকটের মতো গুরুত্বপূর্ণ মুহূর্তে নীতিনির্ধারণে তার ভূমিকা ছিল কেন্দ্রীয়। ডিজিটাল যুগে দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন শীর্ষ কর্মকর্তার এমন জীবনাচরণ অনেককেই অবাক করছে, যা জন্ম দিয়েছে আলোচনা ও কৌতূহলের।