গ্রিনল্যান্ড ইস্যুতে 'সিদ্ধান্তের মুখোমুখি' ডেনমার্ক

গ্রিনল্যান্ড দখলের হুমকি আবারও উসকে দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ডেনমার্ক। দেশটির প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন বলেছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে ডেনমার্ক এখন এক 'নির্ণায়ক মুহূর্তের' মুখোমুখি।

সোমবার ওয়াশিংটন ডিসিতে গুরুত্বপূর্ণ কাঁচামাল ঘিরে বৈশ্বিক প্রতিযোগিতা নিয়ে অনুষ্ঠেয় বৈঠকের আগে ফ্রেডেরিকসেন বলেন, 'গ্রিনল্যান্ডকে ঘিরে একটি সংঘাত রয়েছে। তবে এই বিরোধ শুধু গ্রিনল্যান্ডকে ঘিরে নয়; এর সঙ্গে আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় মূল্যবোধ ও জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার জড়িত।' তিনি জোর দিয়ে বলেন,'প্রয়োজনে আর্কটিক অঞ্চলসহ যেকোনো জায়গায় এসব মূল্যবোধ রক্ষায় ডেনমার্ক প্রস্তুত।'
 
ট্রাম্পের মন্তব্যের বিরুদ্ধে ইউরোপের একাধিক দেশ ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন যুক্তরাষ্ট্রের হুমকির নিন্দা জানিয়ে বলেন, খনিজসমৃদ্ধ গ্রিনল্যান্ড দখলের চেষ্টা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে এবং তা বিপদজনক দৃষ্টান্ত তৈরি করবে। 
 
জার্মানিও একই অবস্থান নিয়েছে। দেশটি বলছে, আর্কটিক অঞ্চলে ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগ ন্যাটোর অভিন্ন স্বার্থের অংশ। এদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ও চীনের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় গ্রিনল্যান্ড সুরক্ষায় সম্ভাব্য ন্যাটো উদ্যোগ নিয়ে ইউরোপীয় সামরিক নেতারা আলোচনা করছেন।

ট্রাম্পের দাবি, আর্কটিকে রাশিয়া ও চীনের সামরিক তৎপরতা বাড়ায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ প্রয়োজন। তবে জনমত জরিপে দেখা গেছে, গ্রিনল্যান্ডের জনগণ যুক্তরাষ্ট্রের দখলের বিপক্ষে স্পষ্টভাবে অবস্থান নিয়েছে।