নারীদের নিকাব নিয়ে বিএনপির এক নেতার মন্তব্যকে অশোভন ও আপত্তিকর আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।
তিনি বলেছেন, এ ধরনের বক্তব্য সরাসরি ধর্মীয় বিশ্বাসকে অবজ্ঞা করার শামিল এবং বিশ্বাসের বিষয়কে রাজনৈতিক বিতর্কে টেনে আনা অনুচিত।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুরের বক্তব্যকে ধৃষ্টতাপূর্ণ ও অজ্ঞতাপ্রসূত বলে উল্লেখ করেন।
একই সঙ্গে তিনি মন্তব্য করেন, নিকাব কোনো সাধারণ পোশাক নয়; এটি মুসলিম নারীর ধর্মীয় পরিচয় ও শরিয়তসম্মত পর্দা পালনের একটি রূপ।
পোস্টে শিবির সভাপতি উল্লেখ করেন, কোরআনে পর্দা ও শালীনতা রক্ষার বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। সেই আলোকে নিকাবকে উপহাস করা ইসলামী বিধানের প্রতি অবজ্ঞা প্রকাশ করে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট বক্তব্য কেবল ধর্মীয় অনুভূতিতে আঘাতই নয়, বরং মুসলিম নারীদের মৌলিক অধিকার খর্ব করার প্রচেষ্টা।
নূরুল ইসলাম সাদ্দাম তার বক্তব্যে সংবিধানের ধর্ম পালনের স্বাধীনতার কথাও তুলে ধরেন।
তিনি স্মরণ করিয়ে দেন, দেশের সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার সনদ ধর্মীয় বিশ্বাস ও তার প্রকাশের অধিকারকে স্বীকৃতি দিয়েছে। সেই প্রেক্ষাপটে ধর্মীয় অনুশাসন নিয়ে কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, ইসলামের বিধান নিয়ে বিদ্রূপ করা কোনো রাজনৈতিক কৌশল হতে পারে না। বিশ্বাসের জায়গাকে হেয় প্রতিপন্ন করে রাজনীতি বন্ধ করার আহ্বান জানান তিনি।
এর আগে এক গোলটেবিল আলোচনায় বিএনপি নেতা ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর নিকাব বিষয়ে বিতর্কিত মন্তব্য করেন।
সেখানে তিনি নিকাবকে ইসলামের পোশাক হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানান এবং এ নিয়ে নানা বিতর্কিত তুলনা ও বক্তব্য দেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।