ইসরায়েল-সমর্থিত গোষ্ঠীর হামলায় নিহত হামাসের শীর্ষ পুলিশ কর্মকর্তা

দক্ষিণ গাজায় হামাসের এক শীর্ষ পুলিশ কর্মকর্তাকে হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল-সমর্থিত একটি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী। সোমবারের (১২ জানুয়ারি) এই ঘটনার জন্য হামাস 'ইসরায়েলি সহযোগীদের' দায়ী করেছে।

হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, খান ইউনিসে একটি চলন্ত গাড়ি থেকে গুলি চালিয়ে মাহমুদ আল-আস্তালকে হত্যা করা হয়। তিনি ওই এলাকার অপরাধ দমন ইউনিটের প্রধান ছিলেন। হামাসের অভিযোগ, হামলাকারীরা ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করছে। পরে খান ইউনিসের পূর্বে ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকায় সক্রিয় হামাসবিরোধী একটি গোষ্ঠীর নেতা হুসসাম আল-আস্তাল অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন। ভিডিওতে তিনি হামাসের সঙ্গে যুক্তদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

দুই বছর ধরে চলা যুদ্ধে বিপর্যস্ত গাজায় হামাসবিরোধী ছোট ও স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর উত্থান ইসলামপন্থী দলটির ওপর চাপ বাড়িয়েছে এবং অঞ্চলটিকে স্থিতিশীল করার প্রচেষ্টা আরও জটিল করে তুলতে পারে। এসব গোষ্ঠী ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকায় সক্রিয় থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তারা জনপ্রিয় নয়, যদিও তারা দাবি করে যে ইসরায়েলের নির্দেশে কাজ করছে না। গত অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতিতে বড় ধরনের সংঘর্ষ কমেছে। তবে উভয় পক্ষই নিয়মিত যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার খান ইউনিসের কাছে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।