অস্ট্রেলিয়ার হয়ে ৮ বিশ্বকাপজয়ীর অবসরের ঘোষণা

নারী ক্রিকেটে সাফল্যের মানদণ্ড নতুন করে নির্ধারণ করা অ্যালিসা হিলি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। অস্ট্রেলিয়ার জার্সিতে আটবার বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি গড়া এই উইকেটকিপার-ব্যাটার দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানছেন দেশের মাটিতে ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ শেষে।

ট্রিপল এম ক্রিকেটের জনপ্রিয় পডকাস্ট ‘উইলো টক’-এ নিজের অবসরের কথা প্রকাশ করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। আলোচনার এক পর্যায়ে উপস্থাপক তাকে কিছু বলার ইঙ্গিত দিলে হিলি জানান, এমনভাবে ঘোষণা দেওয়ার কথা ভাবেননি। এরপরই তিনি স্পষ্ট করে বলেন, ভারতের বিপক্ষে সিরিজ শেষ করেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন।

আগামী ফেব্রুয়ারি ও মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে ভারতের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ। তবে টি-টোয়েন্টি দলে আর দেখা যাবে না হিলিকে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর একমাত্র টেস্ট ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন প্রায় ৩৬ বছর বয়সী এই তারকা। ওয়াকার গ্রাউন্ডে আগামী ৬ মার্চ শুরু হওয়া সেই টেস্ট ম্যাচই হবে তার ক্যারিয়ারের শেষ অধ্যায়।

দীর্ঘ ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার হয়ে হিলি খেলেছেন ১০টি টেস্ট, ১২৩টি ওয়ানডে ও ১৬২টি টি-টোয়েন্টি ম্যাচ। তিন ফরম্যাট মিলিয়ে তার ব্যাট থেকে এসেছে আটটি শতক ও ৩৮টি অর্ধশতকসহ সাত হাজারের বেশি রান। আক্রমণাত্মক ব্যাটিংয়ের পাশাপাশি নিখুঁত উইকেটকিপিংয়েও তিনি ছিলেন দলের ভরসা।

ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দলীয় অর্জনেও হিলির নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মাত্র ১৯ বছর বয়সে ২০১০ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পান তিনি। এরপর ২০১২, ২০১৪, ২০১৮, ২০২০ ও ২০২৩—এই ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে ছিলেন দলের গুরুত্বপূর্ণ অংশ। পাশাপাশি ২০১৩ ও ২০২২ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ের কীর্তিও আছে তার ঝুলিতে।

আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ২০১৮ ও ২০১৯ সালে আইসিসির বর্ষসেরা নারী টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হন হিলি। মাঠের বাইরে তার ব্যক্তিগত জীবনও ক্রিকেটপ্রেমীদের কাছে পরিচিত—তার জীবনসঙ্গী অস্ট্রেলিয়ার তারকা বাঁহাতি পেসার ও আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা বোলার মিচেল স্টার্ক।