পিচে কী নিয়ে স্টার্ক-মিরাজের তর্ক?

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৩:৩০ পিএম

ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে মাঠে কেবল রানের পাহাড় গড়েই ক্ষান্ত হয়নি বাংলাদেশ, অস্ট্রেলিয়ান পেসারদের সঙ্গে কথার লড়াইয়েও উত্তাপ ছড়িয়েছে বাইশ গজে। ঐতিহাসিক এই টেস্টে যখন চালকের আসনে সফরকারীরা, ঠিক তখনই পিচে দৌড়ানোকে কেন্দ্র করে মেজাজ হারিয়ে ফেলেন অজি পেসার মিচেল স্টার্ক। 

ঘটনাটি ঘটে বাংলাদেশের ইনিংসের ১০৩তম ওভারে, স্টার্কের ২১তম ওভারের পঞ্চম বলের সময়। স্টার্কের একটি শর্ট অব লেংথের বল পয়েন্টে ঠেলে দিয়ে দ্রুত এক রান নিতে দৌড়ান মিরাজ। তবে বলের দিকে চোখ থাকায় ঠিক সামনে কী রয়েছে তা খেয়াল করতে পারেননি এই অলরাউন্ডার। ফলে স্টার্ককে পাশ কাটাতে গিয়ে তিনি উইকেটের মাঝের সুরক্ষিত অংশ দিয়েই দৌড়ে চলে যান, যা ক্রিকেটের নিয়মে নিষিদ্ধ। তাৎক্ষণিকভাবে বিষয়টি নজরে আসায় আম্পায়ার কুমার ধর্মসেনা রান পূর্ণ হওয়ার আগেই মিরাজের কাছে ছুটে যান এবং তাকে সতর্ক করেন।

নিজের অবস্থান পরিষ্কার করতে মিরাজ তখন আম্পায়ারকে উদ্দেশ করে বলেন, ‘আমি দেখতে পারিনি।’ তবে ঘটনাটি নিয়ে স্টার্কের প্রতিক্রিয়া ছিল বেশ আক্রমণাত্মক। স্টাম্প মাইক্রোফোনে অজি পেসারের কণ্ঠও স্পষ্ট শোনা যায়। মিরাজের দিকে তেড়ে গিয়ে স্টার্ক বলেন, ‘এটা আমার ফলো-থ্রু, এখন তোমার ফলো-থ্রু। উইকেট থেকে সরে যাও।’ মিরাজও পাল্টা জবাব দিয়ে তিনি বলেন, ‘তুমি কোথায় দৌড়াচ্ছো খেয়াল রাখো। তুমি তো লাইন কভার করছো না।’ এর জবাবে স্টার্ক বলে ওঠেন, ‘না, এটা আমার দোষ নয়; এটা তোমার দোষ।’ 

পরিস্থিতি আরও বড় আকার ধারণ করার আগেই আম্পায়ার ধর্মসেনা দ্রুত মধ্যস্থতা করে দুই ক্রিকেটারকে শান্ত করেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে ধারাভাষ্যকারদের মধ্যেও চলে চুলচেরা বিশ্লেষণ। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং চ্যানেল সেভেনে ম্যাচ বিশ্লেষণ করার সময় মিরাজের পক্ষ নিয়ে বলেন, ‘হ্যাঁ, আমার মনে হয় না এটা ইচ্ছাকৃত ছিল।’ পন্টিংয়ের মতে, মিরাজ যখন সামনে তাকাচ্ছিলেন, তখন স্টার্ক নিজেই তার চলার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। অন্যদিকে ধারাভাষ্যকার অ্যালিস্টার নিকোলসন মনে করেন, স্টার্কের এই অতিরিক্ত ক্ষোভ মূলত ম্যাচের কঠিন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার হতাশারই বহিঃপ্রকাশ।

মিরাজ অবশ্য ব্যাট হাতেও দিয়েছেন এর জবাব। ম্যাচের সামগ্রিক চিত্রেও অজিদের সেই হতাশার ছবি স্পষ্ট। প্রথম ইনিংসে স্বাগতিকদের মাত্র ১৯৮ রানে অলআউট করার পর দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৬ উইকেটে ৩৫১ রান সংগ্রহ করেছে। তানজিদের সেঞ্চুরি এবং নাজমুল হোসেন শান্তর ৮৪ রানের পর শেষ দিকে মিরাজের ৩২* ও হাসানের ১৩* রানের দুর্দান্ত প্রতিরোধে বাংলাদেশের লিড ইতোমধ্যে ১৫৩ রানে পৌঁছে গেছে। মাঠের উত্তাপের মাঝেই তৃতীয় দিনে নিজেদের লিড আরও বাড়িয়ে নেওয়ার দারুণ সুযোগ রয়েছে লাল-সবুজের দলের সামনে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত