তেলেঙ্গানার হানামকোন্ডা জেলায় প্রায় ৫০০টি পথ কুকুর হত্যা করার অভিযোগে নয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে পঞ্চায়েত প্রধান, ডেপুটি প্রধান এবং পঞ্চায়েত সচিবসহ আরও কয়েকজন রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, একটি এনজিওর অভিযোগের ভিত্তিতে, শ্যামপেট এবং আরেপল্লী গ্রামে ৬ জানুয়ারি থেকে শুরু করে তিন দিনের মধ্যে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারীরা জানান, পঞ্চায়েত প্রধান এবং গ্রাম পঞ্চায়েত সচিবরা কুকুরগুলোকে বিষ খাইয়ে হত্যা করার জন্য দুইজনকে নিয়োগ করেছিলেন।
শ্যামপেট থানার সার্কেল ইন্সপেক্টর পি. রঞ্জিত রাও সংস্থাকে জানান, ‘প্রধানের কর্মীরা কুকুরগুলো হত্যা করার জন্য দুজনকে ভাড়া করেছিলেন। ৫০০টি পথ কুকুরকে প্রাণঘাতী ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছে।’
এনজিও এবং পশু কল্যাণ কর্মী আদুলপুরম গৌতম ও ফারজানা বেগম ৯ জানুয়ারি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে, পুলিশ আইপিসি ৩২৫ ধারা এবং প্রাণী নিষ্ঠুরতা প্রতিরোধ আইনের ১১ ধারা অনুযায়ী মামলা দায়ের করেছে।
পুলিশ বর্তমানে মামলার তদন্ত করছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।