চালককে কুপিয়ে এলপি গ্যাসের সিলিন্ডার লুট, আশুলিয়া থেকে উদ্ধার 

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের  মাদারীপুরের শিবচর থেকে লুটকৃত গাড়িসহ এলপিজি গ্যাসের ৪৬২ পিস খালি গ্যাস সিলিন্ডার  ঢাকার আশুলিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ৷ উদ্ধারকৃত গ্যাস সিলিন্ডারের মুল্য আনুমানিক ১৩ লাখ টাকা৷  

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১১টার দিকে আশুলিয়ার গকুলনগর টানপাড়া এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে লুট করা সিলিন্ডারগুলো উদ্ধার করে মাদারীপুরের শিবচর থানা পুলিশ। বুধবার দুপুরে মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুত্রে জানা যায়,  মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল হতে ৪৬২ পিস খালি সিলিন্ডার নিয়ে একটি ট্রাক মংলা যাওয়ার পথে গত ৮ জানুয়ারি  মধ্যরাতে মাদারীপুরের শিবচরের এক্সপ্রেসওয়ের দত্তপাড়া এলাকায় পৌঁছায়৷ এসময় ৭/৮ জনের ডাকাতদল পিকআপ নিয়ে গাড়িটির গতিরোধ করে  চালক আসলাম খান ও হেল্পার রিফাতকে কুপিয়ে আহত করে৷  আহতদের ডাকাতদল নিজেদের পিকআপে নিয়ে সিলিন্ডার ভর্তি গাড়িটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে পালিয়ে যায়৷ পথিমধ্যে তাদের ফেলে রেখে যাওয়া হয়৷

পরবর্তীতে শিবচর থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়। মাদারীপুর পুলিশ সুপার এহতেশামুল হকের  নির্দেশনায় শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে পুলিশ মামলার পরপরই অভিযানে নামে৷ পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন মাধ্যমে ডাকাতদের শনাক্ত ও অবস্থান নির্ণয় করে  ঢাকা জেলার সাভার ও আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে। মঙ্গলবার মধ্যরাতে ঢাকার আশুলিয়ার গকুলনগরে ডাকাত আতিকের বাড়িতে অভিযান চালায় পুলিশ৷ আতিকের বাসার তালা ভেঙে তল্লাশী করে ডাকাতি হওয়া ৪৬২ পিস খালি গ্যাস সিলিন্ডার যার মধ্যে ৫০ পিস দ্বিখন্ডিত সিলিন্ডার উদ্ধার করে জব্দ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আতিক পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যায়৷ 

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের বলেন,"মাদারীপুর জেলা পুলিশ ডাকাতি ছিনতাই, হত্যাসহ বিভিন্ন অপরাধ দমনে সর্বদা সচেষ্ট রয়েছে এবং সামনে আরো এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"