লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিরল প্রজাতির ৩টি অসুস্থ শকুন উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধার হওয়া প্রতিটি শকুনের ওজন প্রায় ৫ থেকে ৭ কেজি।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার জগতবের ও ব্যাংককান্দা এলাকার ভুট্টা ক্ষেত থেকে শকুন ৩টি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে ভুট্টা ক্ষেতে একটি বিশাল আকৃতির শকুন পড়ে থাকতে দেখে তারা। উড়তে না পারায় শকুনটি ধরে স্থানীয়রা নিরাপদে রাখেন এবং বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে একে একে তিনটি অসুস্থ শকুন উদ্ধার করেন।
ব্যাংককান্দা গ্রামের বাসিন্দা আলাউদ্দিন প্রধান বাদশা বলেন, “শকুনটি উড়তে না পারায় ভুট্টা ক্ষেতে পড়ে ছিল। পরে ধরে বাড়িতে নিয়ে এসে বন কর্মকর্তাদের হাতে তুলে দিই।”
পাটগ্রাম উপজেলা বন কর্মকর্তা রেজাউল করিম বলেন, “শকুনগুলো সাধারণত হিমালয় পার্বত্য অঞ্চল থেকে শীতকালে এ অঞ্চলে আসে। তীব্র শীত ও খাদ্য সংকটের কারণে অনেক সময় তারা অসুস্থ হয়ে বিভিন্ন জায়গায় পড়ে থাকে। পাটগ্রামে এবার অসুস্থ অবস্থায় তিনটি শকুন উদ্ধার করা হয়েছে।”
তিনি জানান, উদ্ধার হওয়া শকুন তিনটিকে দিনাজপুর শকুন পরিচর্যা কেন্দ্রে পাঠানো হবে। সেখানে চিকিৎসা ও পরিচর্যার পর সুস্থ হলে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।