বিলাসপুরে  ককটেল বিস্ফোরণে আহত আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৩

শরীয়তপুরের জাজিরায় ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় নয়ন মোল্লা নামের আরেক যুবক মারা গেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয় । এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন জন। নিহত নয়ন মোল্লা (২৫) উপজেলার বিলাসপুর ইউনিয়নের ব্যাপারীকান্দি গ্রামের  জয়নাল মোল্লার ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি এলাকার সাগর বেপারীর বাড়িতে ভয়াবহ ককটেল বিস্ফোরণে ঘর বিধ্বস্ত হয়ে সোহান ও নবীন নামে দুইজন নিহত হন। আহত হন নয়ন মোল্লা। নয়ন মোল্লাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা। পরে সেখান থেকে তাকে নেয়া হয় বেসরকারি একটি হাসপাতালে ৬দিন পর মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় নয়ন মোল্লার মৃত্যু হয়। ককটেল বিস্ফোরণের ঘটনায় জাজিরা থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাদি হয়ে ৫৩ জনের নাম উল্লেখ করে ১৫০ জনকে অজ্ঞাত আসামী করে জাজিরা থানায় একটি মামলা করেন। মামলার আসামী ৮ জনকে বিলাসপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।  

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বলেন, আমরা শুনেছি আহত নয়ন মোল্লা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এরআগেও দুইজনের মৃত্যু হয়েছে।