৮ গোলের রোমাঞ্চে কেউ জেতেনি

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে এ ম্যাচে ফেভারিট ছিল ভারত। তবে শুরুতেই তাদের চমকে দিয়ে বাংলাদেশ খেলেছে লড়াকু ফুটবল। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচটা শেষ হয়েছে ৪-৪ ড্রয়ে।

এ ম্যাচে জিততে পারত দুদলই। প্রথমার্ধে বাংলাদেশ লিড নিয়েছিল দুবার। তবে ভারতও দ্রুত ম্যাচে ফিরে আসে। প্রথম ভাগটা শেষ হয় ২-২ অমীমাংসিতভাবে। দ্বিতীয়ার্ধে অবশ্য ভারত দুবার লিড নেয়। তবে শেষ মুহূর্তে অধিনায়ক রাহবার ওয়াহেদ খান গোল করে বাংলাদেশকে হারতে দেননি। জোড়া গোল করেছেন রাহবার ও মঈন আহমেদ।

ভারত আক্রমণাত্মক মেজাজে শুরু করলেও বাংলাদেশ শুরুতে লিড নেয়। ম্যাচের নবম মিনিটে রাহবারের আড়াআড়ি পাস পেয়ে ডান দিক থেকে মঈন জোরালো শট নেন। দূরের পোস্টে লেগে বল জালে জড়ায়। তবে তিন মিনিট পরেই সমতায় ফেরে ভারত। বিল্ড-আপ আক্রমণ থেকে গোল করেন আনমোল অধিকারী। ১৬ মিনিটে অবশ্য বাংলাদেশের লিড পুনরুদ্ধার করেন কানাডা প্রবাসী রাহবার। সতীর্থের সঙ্গে দারুণ পাসিং ফুটবল খেলে নিখুঁত ফিনিশে ২-১ করেন বাংলাদেশ অধিনায়ক। তবে বিরতির ঠিক আগ মুহূর্তে দুর্ভাগ্যবশত গোল হজম করতে হয় বাংলাদেশকে। লালসোয়ামপুইয়ার শট বাংলাদেশের তুহিনের পায়ে লেগে দিক বদলে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধে ম্যাচটা এগুতে থাকে রোলার কোস্টারের মতো। দুই উইং ব্যবহার করে বাংলাদেশ চেষ্টা করে আক্রমণে উঠতে। একই সঙ্গে বল নিয়ন্ত্রণেও তাদের মনোযোগ ছিল। মঈন ও রাহবার একটি করে গোল মিস করার পর ভারত এগিয়ে যায় প্রথমবারের মতো। লালরিনজুয়ালার পাস থেকে হেডে ভারতকে উচ্ছ্বাসে ভাসান রোলুয়াপুইয়া। এর পরপরই মঈন গোল করে বাংলাদেশকে ম্যাচে রাখেন। ইনতিশারের পাসে বল পেয়ে কোনাকুনি শটে গোল করেন তিনি। তবে ম্যাচের নাটকীয়তা ছিল শেষ পর্যন্ত। ভারতের চতুর্থ গোলটি আসে রোলুয়াপুইয়ার পা থেকে। তবে তাদের জিততে দেননি রাহবার। আনমোল অধিকারীর ভুলের সুযোগ নিয়ে দারুণ শটে বাংলাদেশকে সমতায় ফেরান তিনি। হুটার শেষবারের মতো বাজার আগে বাংলাদেশ এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। তবে শট নিতে দেরি করায় আর গোল পায়নি। 

এটা দুদলের জন্যই ছিল প্রথম ম্যাচ। রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই আসরে তাই প্রথম ম্যাচে হার এড়ানো বড় প্রাপ্তি। শুক্রবার বাংলাদেশকে বড় পরীক্ষা দিতে হবে মালদ্বীপের কাছে। এদিকে আজ মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটসাল দল। সাবিনা খাতুনের নেতৃত্বে তাদেরও প্রথম ম্যাচে মুখোমুখি হতে হবে ভারতের।