আজ চূড়ান্ত হতে পারে নতুন পে-স্কেল

সরকারি চাকুরিজীবীদের নতুন বেতন কাঠামো বা পে-স্কেল নির্ধারণের লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আবারও বৈঠকে বসছে নবম জাতীয় পে-কমিশন। দুপুর ১২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন ভবনের সভাকক্ষে এই পূর্ণাঙ্গ বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। আজকের এই সভায় সরকারি কর্মচারীদের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনসহ বেশ কিছু মৌলিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

এবারের বৈঠকে বেতন নির্ধারণের পাশাপাশি প্রশাসনের কাঠামো সংস্কারের বিষয়েও বিস্তারিত আলোচনা হবে। বিশেষ করে সরকারি গ্রেড সংখ্যা কমিয়ে আনা, বাড়িভাড়া ভাতার যৌক্তিক হার নির্ধারণ, চিকিৎসা ও উৎসব ভাতার পরিমাণ বৃদ্ধিসহ অবসরকালীন সুযোগ-সুবিধা নিয়ে সদস্যরা মতবিনিময় করবেন। কমিশনের সকল সদস্য একমত হলে আজই এই সুপারিশগুলো চূড়ান্ত রূপ পেতে পারে।

সূত্রমতে, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই এবারের প্রতিবেদন তৈরি করছে কমিশন। এক্ষেত্রে বর্তমান বাজারের উচ্চ মূল্যস্ফীতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, আবাসন খরচ এবং সন্তানদের শিক্ষা ব্যয়কে প্রধান সূচক হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে। একটি পরিবারের সম্মানজনক জীবনযাপনের জন্য ন্যূনতম কত টাকা প্রয়োজন, সেই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে পে-কমিশন।

কমিশন সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক বা সুপারিশমালা ভবিষ্যৎ সরকারের জন্য একটি স্থায়ী রেফারেন্স হিসেবে কাজ করবে। এর মাধ্যমে সরকারি প্রশাসনে যেমন গতিশীলতা আসবে, তেমনি কর্মচারীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তাও নিশ্চিত হবে। আজকের বৈঠকের সিদ্ধান্তের দিকে এখন তাকিয়ে আছেন দেশের কয়েক লাখ সরকারি চাকুরিজীবী ও তাদের পরিবার।