নারায়ণগঞ্জ

এনসিপি প্রার্থীর ওপর হামলাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের ওপর হামলাচেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্ত মারুফ হাসানকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১১।

গ্রেপ্তার অভিযুক্ত মারুফ হাসান (২২) উপজেলার কাশিপুর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ৪ আসনের এনসিপি মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন জনসংযোগ করতে ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের বাশমুলি এলাকায় যান। সেখানে তার নেতাকর্মীর সঙ্গে অপরিচিত দুই ছেলে মিশে যায় এবং তাদের অনুসরণ করতে থাকে। আবদুল্লাহ আল আমিনের সঙ্গে থাকা নেতাকর্মীরা টের পেয়ে তাদের মধ্যে একজনকে ধরে ফেলে এবং তার কাছ থেকে একটি চাপাতি পায়। একপর্যায়ে ধস্তাধস্তিতে তার সঙ্গে থাকা দুই নেতাকর্মী আহত হন এবং সেখানে হামলাকারীর সহযোগীরা এসে আটকে রাখা অভিযুক্তকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় প্রেক্ষিতে গোপন খবর পেয়ে র‍্যাব-১১ এর একটি টিম রাত ২টার দিকে কাশিপুর এলাকা থেকে অভিযুক্ত মারুফ হাসানকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।