দিনাজপুরের হাকিমপুরের হিলিতে বাড়তি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে মিলন নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে হিলি বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন।
তিনি জানান, সরকার নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে গ্যাস বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে হিলি বাজারে অভিযান চালানো হয়। এসময় মিলনের দোকানে সরকার নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে গ্যাস বিক্রির অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কেন তিনি সরকার নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে গ্যাস বিক্রি করছেন এর লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। এছাড়া অন্য গ্যাস বিক্রেতাদের সতর্ক করা হয়েছে কেউ যেন গ্যাস মজুত করে কৃত্রিম সংকট তৈরি না করেন ও নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে বিক্রি না করেন।
কারো বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে ও প্রমানিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।