বিসিবি পরিচালক তথা অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন ক্রিকেটাররা। আজ বৃহস্পতিবার বিপিএলের দুটি ম্যাচ আছে। কিন্তু ক্রিকেটাররা মাঠেই আসেননি। বিতর্কিত সেই পরিচালক এই রিপোর্ট লেখা পর্যন্ত পদত্যাগ করেননি। তবে তাকে আজ শোকজ করেছে বিসিবি।
দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের। আর সূচি অনুযায়ী দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানস। নাজমুলের পদত্যাগের জন্য বেঁধে দেওয়া নির্ধারিত সময় পার হয়ে হলেও দিনের প্রথম ম্যাচের দুই দলের কেউই মাঠে যায়নি। যে কারণে খেলা মাঠে গড়ায়নি। এমতাবস্থায় বিসিবি কার্যত মহা সংকটে পড়ে গেছে। ক্রিকেটারদের এভাবে টুর্নামেন্ট বর্জন রীতিমতো নজিরবিহীন ঘটনা।
মিরপুরে সাংবাদিকদের বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘আমি এসেছিলাম, খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। এমনকি আমরা একটা প্রেস রিলিজও দিয়েছি যে, এটা অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেছেন। প্রক্রিয়া অনুযায়ী… তাকে শোকজ লেটার দেওয়া হয়েছে। আমরা এই কথা সাপোর্ট করি না। কিন্তু একটা প্রসেস আছে। উনাদের বুঝিয়েছি। এখন যদি মাঠে আসে খেলা হবে। আমাদের দিক থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।’
উল্লেখ্য, গতকাল বুধবার এক অনুষ্ঠানে এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের উদ্দেশ্য করে বলেছিলেন, ‘আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ড পেয়েছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই বলতে পারি, তোমরা খেলতে পারোনি, তোমাদের পেছনে যা খরচ করেছি, এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও।’