এবার ‘বিদেশি দালাল’ চিনে রাখতে বললেন বিসিবির আসিফ আকবর

কিংবদন্তি ওপেনার তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলেছিলেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। সেই থেকে দেশের ক্রিকেটে বারবার উচ্চারিত হচ্ছে শব্দটি। ঘটনার ধারাবাহিকতায় সেই নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে খেলা বর্জন করেছেন ক্রিকেটার। আজকের দুটি বিপিএল ম্যাচ অনুষ্ঠিত হয়নি। এর মাঝেই সোশ্যাল মিডিয়া সরব হয়েছেন আসিফ আকবর।

মিরপুর শেরে বাংলায় ধারণকৃত নিজের একটা ছবি পোস্ট করে বিসিবি পরিচালক আসিফ আকবর ফেসবুকে লিখেছেন, ‘মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, শেখ মজিবুর রহমান, শহীদ জিয়াউর রহমান থেকে শুরু করে শহীদ শরীফ ওসমান হাদী- তাদেরকে বিদেশী কেউ হত‍্যা করেনি, হত‍্যা করেছে নিজ দেশের লোক। দেশের ভিতরেই ঘাপটি মেরে থাকা বিদেশী এজেন্টরা। নেপথ‍্যের কুশীলবরা সবসময় থেকে যায় পর্দার অন্তরালে’

asif

তিনি আরও লিখেছেন, ‘সুতরাং দেশে মোতায়েনকৃত বিদেশী দালালদের চিনে না রাখলে ইতিহাসের রং সবসময় একই রকম নৃশংসই থাকবে। এরা সংখ‍্যায় কম, এদের পৃষ্ঠপোষকরা অনেক শক্তিশালী, কূটকৌশলে সিদ্ধহস্ত। এরা যে কোন সুযোগের সর্বোচ্চ ব‍্যবহার করে, বাংলার শেষ নবাব সিরাজ উদ্ দৌলা ইতিহাসের উ‍ৎকৃষ্টতম উদাহরণ। সবার আগে বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ভালবাসা অবিরাম...।’