গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা প্রকৌশলীর হোয়াটসঅ্যাপ হ্যাক করে উপ সহকারি প্রকৌশলীর ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।
এ ঘটনায বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে উপ সহকারি প্রকৌশলী শরিফুল ইসলাম বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন। এর আগে, বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতারক চক্রের সদস্যরা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মাহবুবুল হকের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ হ্যাক করে ২০ হাজার টাকার দাবি করে একটি বিকাশ নম্বর দেয় শরিফুল ইসলামকে। পরে সেই বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠিয়ে দেন ভুক্তভোগী।
শরিফুল ইসলাম জানান, তিনি পরের দিন বৃহস্পতিবার সকালে অফিসে গিয়ে বুঝতে পারেন প্রতারক চক্রের সদস্যরা উপজেলা প্রকৌশলীর হোয়াটসঅ্যাপ হ্যাক করে তার নিকট থেকে বিকাশে ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি থানায় অভিযোগ করেন।
গাইবান্ধার সহকারি পুলিশ সুপার (সি সার্কেল) রাশেদুল বারি এ তথ্য নিশ্চিত করে জানান, প্রতারক চক্রের সদস্যদের সনাক্ত করে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধারে চেষ্টা চলছে।