দেশের কিংবদন্তি ওপেনার তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলার প্রতিবাদ করায় ক্রিকেটারদেরকেই এখন ‘দালাল’ ট্যাগ দেওয়া হচ্ছে। যিনি এই মন্তব্য করেছেন, সেই বিসিবি পরিচালক নাজমুল ইসলাম এখন পর্যন্ত ক্ষমা চাননি। বিসিবি তাকে ইতোমধ্যে বিসিবির সকল কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে। নাজমুলের শাস্তির ব্যাপারও ক্রিকেটারদের আশ্বস্ত করেছে বিসিবি।
ক্রিকেটারদের ধর্মঘটের কারণে গতকাল বিপিএলের দুটি ম্যাচ মাঠে গড়ায়নি। পরে অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিতের ঘোষণা দেয় বিসিবি। ক্রিকেটাররা এক পর্যায়ে নাজমুলের ক্ষমতা চাওয়া এবং তাকে অপসারণের প্রক্রিয়া চালু রাখার শর্তে মাঠে ফেরার ঘোষণা দিলে আজ শুক্রবার থেকে ফের বিপিএল শুরুর ঘোষণা আসে। ক্রিকেটারদের যারা ‘দালাল’ বলে ট্যাগ দিচ্ছেন, তাদের দাবি তামিম ইকবালের উসকানিতেই এই ধর্মঘট।
এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ক্রিকেটারদের সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনকে। জবাবে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় কেন এই প্রশ্নটা তামিম ইকবালকে আপনারা করেন না। এই জিনিসটা তামিম ইকবালের সঙ্গে স্পষ্ট করে নিয়েন। তামিম ইকবালের শুধু রোল ছিল যখন আমরা নতুন করে কোয়াব গঠন করি।’
তামিম ইকবাল এখন আর কোয়াবের সাথে সেভাবে জড়িত নন বলেও জানিয়েছেন মিঠুন, ‘ওই সময় (কোয়াব নতুন করে গঠনের) তার (তামিম ইকবাল) একটা রোল ছিল আমি সেটার সঙ্গে একমত। এখন আমি নিশ্চিত করে বলতে পারি। কোয়াবের সিদ্ধান্ত শুধু কোয়াব নেয়। আমাদের কোনো সিদ্ধান্তে কোনো তৃতীয় ব্যক্তির প্রভাব কাজ করে। প্লেয়ারদের স্বার্থ ছাড়া দ্বিতীয় কোনো ইস্যু দেখা হয় না।’