রাঙামাটি

কাঠ বোঝাই মিনি পিকআপ উল্টে ২ শ্রমিক নিহত

রাঙামাটিতে কাঠ বোঝাই মিনি পিকআপ উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ১১টার দিকে রাঙামাটি-কাপ্তাই সড়কের মগবান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাদেক চাকমা (৪০) ও মিলন চাকমা (৪৭)। তারা সদর উপজেলার কামিলাছড়ি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১১টায় কাঠ বহনকারী একটি মিনি পিকআপ ঢালু সড়ক উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা তিন শ্রমিক গাড়ির নিচে চাপা পড়েন। এলাকাটি জনমানবশূন্য হওয়ায় মধ্যরাত পেরিয়ে যাওয়ার পর স্থানীয়রা দেখে তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত শ্রমিক বিনয় চাকমা হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।