সোনারগাঁ-আড়াইহাজার সড়কে ডাব বহনকারী ট্রাক ছিনতাই

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের তালতলা বাজার সংলগ্নে সোনারগাঁ-আড়াইহাজার সড়কে ডাব বহনকারী একটি ট্রাক ছিনিয়ে নিয়েছে দুষ্কৃতকারীরা।  বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এঘটনা ঘটে। এসময় সেখান থেকে হাত-পা বাঁধা অবস্থায় ট্রাকচালক ও চালকের সহকারীকে উদ্ধার করে পুলিশ।  

স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর থেকে ডাব নিয়ে নরসিংদী যাচ্ছিল একটি ট্রাক। রাতে সোনারগাঁওয়ের তালতলা বাজার সংলগ্ন সড়কে পৌঁছালে ৮ থেকে ৯ জন দুষ্কৃতকারী একটি পিকআপ ব্যবহার করে ট্রাকটির গতিরোধ করে। তারা চালক ও চালকের সহকারিকে জিম্মি করে ট্রাকটি ছিনিয়ে নেয় এবং তাদের হাত-পা বেঁধে বাজার এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ তাদেরকে উদ্ধার করেছে। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, ঘটনাটি সোনারগাঁ থানার এলাকার মধ্যে পড়েছে। তাই এ ঘটনায় মামলা হবে সোনারগাঁ থানায়।