গজারিয়া

দীর্ঘ ৮ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে সৃষ্ট দীর্ঘ যানজট ৮ ঘণ্টা পর  যান চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার পর যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ভোর রাত ৪টা থেকে গজারিয়া অংশজুড়ে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটে কারণে স্থবির হয়ে পড়ে যান চলাচল। ভোর থেকেই মহাসড়কে গাড়ির গতি কমে আসে। সময়ের সঙ্গে সঙ্গে যানজট আরও তীব্র আকার ধারণ করলে চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থাকায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়তে থাকে।

স্থানীয়দের অভিযোগ, নিয়মিত যানজট নিরসনে কার্যকর উদ্যোগ না থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ অংশে প্রায়ই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ বিষয়ে গজারিয়া থানার হাইওয়ে পুলিশের ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, রাতে গৌরীপুর এলাকার একটা মাহফিলের কারণে প্রথম যান জটের সূত্রপাত হয়। পরে দাউদকান্দি ব্রিজ এলাকায় একটি গাড়ি বিকল হয়ে পড়ায় যানজট তীব্র হয়,এখন বিকল গাড়িটি সরিয়ে নেওয়ায় দুপুর ১২টার মধ্যেই ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।