মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত ও একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩ টার দিকে উপজেলার তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল থেকে চট্টগ্রামগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি বাস (বরিশাল মেট্রো-ব-১১-০২৩৯) চট্রগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-৩৭-৮৩৩৯) ইউটার্ন নেওয়ার সময় বাসটির সঙ্গে সজোরে সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এতে প্রাইভেটকারের চালক ঘটনাস্থলেই নিহত হন। গাড়িতে থাকা আরও চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয় হামদর্দ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে সাবিহা আক্তার (৬২) নামে এক নারীর পরিচয় পাওয়া গেছে। তার ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়। তার ঠিকানা ঢাকার ধানমন্ডির জিগাতলা এলাকায়। নিহত অপর একজনের নাম লিটন মিয়া (৬৫) বলে জানা গেছে। এ ঘটনায় প্রাইভেটকারের চালকসহ মোট চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ বিষয়ে হামদর্দ বিশ্ববিদ্যালয় এর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক সজল চন্দ্র সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ৪ জনকে পুলিশ হাসপাতালে নিয়ে আসে তাদের মধ্যে তিন জনই ছিল মৃত, একজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা পাঠানো হয়।
দুর্ঘটনার বিষয়ে বাস যাত্রী মরিয়ম আক্তার বলেন বলেন, বাসটির চালক সম্ভবত নতুন ছিলেন। তার গাড়ি চালানোর দক্ষতা নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ ছিল।
বিষয়টা নিয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বাসটি ঢাকা থেকে চট্রগ্রাম যাচ্ছিল, প্রাইভেট কারটি একটি হোটেল থেকে উল্টো পথ থেকে ইউটার্ণ নিয়ে ঢাকার দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনার কারণ ও হতাহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত যানবাহন সরানোর কাজ শুরু করে। সাময়িক ভাবে যানজটের সৃষ্টি হলেও এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
গজারিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
গজারিয়ায় ড্রাইভারের হামলায় চার বাসযাত্রী আহত