মালয়েশিয়ার শাহ আলম শহরে নির্মাণাধীন একটি বহুতল ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে তামিম মিয়া নামে এক বাংলাদেশি নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
মৃত তামিম মিয়া (২৬) নরসিংদীর রায়পুরা উপজেলার সোনাকান্দি এলাকার হারুন মিয়ার ছেলে।
নিহতের পরিবার জানায়, জীবিকার তাগিদে ২০১৯ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান তামিম। সেখানে তিনি শাহ আলম শহরে একটি কনস্ট্রাকশন কোম্পানির অধীনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। প্রায় ১১ মাস আগে দেশে ছুটি কাটিয়ে আবারও কর্মস্থলে ফিরে যান তিনি।
স্বজনরা জানান, শুক্রবার জুমার নামাজ আদায় শেষে তামিম একটি নির্মীয়মাণ বহুতল ভবনের কাজ করছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত ভবনের ২৩ তলা থেকে নিচে পড়ে যান। প্রায় ১০ তলা উচ্চতায় পড়ার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বর্তমানে তার মরদেহ দেশে আনার বিষয়ে সংশ্লিষ্ট কনস্ট্রাকশন কোম্পানির মালিক ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানায় পরিবারটি।