ফরিদপুরে সম্প্রতি ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কে ভুগছেন। গভীর রাতে বসতবাড়িতে প্রবেশ করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের ঘটনা যেন নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। একের পর এক ডাকাতির ঘটনায় এখনও কোনো গ্রেপ্তার না হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলছেন ভুক্তভোগীরা।
গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের ভাটি কানাইপুর গ্রামে।
স্থানীয় হোটেল ব্যবসায়ী আব্দুল আলী বেপারীর বসতবাড়িতে চার সদস্যের একটি ডাকাতদল প্রবেশ করে। চেতনানাশক স্প্রে ও দেশি অস্ত্রের মুখে পরিবারকে জিম্মি করে ডাকাতরা দুই লাখ টাকা ও সাড়ে পাঁচ ভরি স্বর্ণালংকার লুট করে। গুরুতর অসুস্থ অবস্থায় আব্দুল আলী বেপারীকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনকারী ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান শুক্রবার বিকেলে জানান, এখনো কোনো আসামি বা আলামত উদ্ধার করা সম্ভব হয়নি। তবে খুব শিগগির ডাকাতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।